Saturday, December 14, 2019

সাদা কালো


কালোর মাঝে নেই কোন রং, কালো শুধুই অন্ধকার।
সাদার মাঝে সব রং আছে, আছে ভালো মন্দ তার।  
কলজে সবার কালো করে, সাদা মনের হন মানুষ
নষ্ট চেতনা জীবিরা, তার টাকাতেই হন বেহুশ।
সাংস্কৃতিতে অর্থ বিলান, খুশী করেন প্রশাসন;
সমাজ-টমাজ বশ করে সব, দুহাত দিয়ে কামান ধন।
ব্যবসায়ী সে, দু-দশ টাকা করেন যদি বিনিয়োগ;
লাভ তা থেকে হতেই হবে, যে ভাবে, যে করেই হোক।
এই কথাটি সবাই জানে, টাকার ঘ্রানে যায় ভুলে;
হাতটি পাতেন সংস্কৃতজন বিবেকটা শিকেয় তুলে।
বেশী খেলেই পেট বড় হয়, এমন কথাই লোকে কয়;
সাদা মনের তার বেলায়ও, এই কথাটি মিথ্যে নয়।
সংস্কৃতি আর বাজার, সমাজ, সব পেটে তার খুশ মনে
একুশ বুঝি তার পেটে যায়, এই কথা কয় দুর্জনে।
প্রভাত ফেরীর গানে গানে যেই চেতনা রক্তে বয়
সুরশ্রষ্টা সে গানখানির, তার স্মৃতিটাও কমতো নয়!  
আমার ভাইয়ে রক্তে রেঙে যেমন একুশ অমর আজ।
আলতাফ মাহমুদের স্মৃতি রক্ষা করা মোদের কাজ।
ইতিহাস, ঐতিহ্য ছাড়া কোন জাতি ঋদ্ধ নয়
বুদ্ধিজীবি দিবসে সবার শুভবুদ্ধির হোক উদয়।

Saturday, December 7, 2019

রোগ

কেউবা ভালো বাংলা বলেন কেউ বা ভালো হিন্দি
আমি কথা বললে সবাই বলেন আমি পিন দি।
আলু-মানব, হবুরাজা, আমলা, চেয়ার কবি
এসব  নয় তো ছড়া মোটেই; গীবত নাকি সবই!
মাথা আমার গ্যাছে পুরাই নাইতো ম্যানারস মোটে
ভালো রেখে ফালতু কথা আমার মাথায় জোটে।
কল্পনা সব; নয় তেমনি,  যেমন আমি বলি।
সোজা পথটি রেখে আমি উল্টো পথে চলি
সব ঠিক-ঠাক নো প্রোবলেম, সবই যখন দেখে;
আমার জানি কেমন কেমন অন্যরকম ঠেকে।
বেশ ক’বছর থেকেই এ রোগ ভর করেছে মোরে
ঠিক করেছি নো ফেইজবুক আর্লি উঠবো ভোরে।

Tuesday, November 26, 2019

শিল্পকলা কলার চেয়ে মিষ্টি কম!



শিল্পকলা কলার চেয়ে মিষ্টি কম!
গান না শুনে, ব্রেড দিয়ে খাও আলুর দম।
ছড়ার চেয়ে ছরা দেয়া দই ভালো!
সিনেমা নয়, পপকর্নের ষ্টোভ জ্বালো।
প্রবন্ধ; সে বন্ধ শিশির চিলি সস
নাটক এখন, টক মিষ্টি তালের রস।
কবিতা? না মাখা মুড়ির হেব্বি টেষ্ট।
নৃত্য থাকুক, বাদাম ভাজিই সবার বেষ্ট।
গল্প-নভেল? ডিম ভাজিতেই সময় কম।
শিল্প থাকুক; খাবার জোগায় অরিন্দম।

Monday, November 18, 2019

হবু রাজা



হবু রাজা বলেন হেঁকে, ”দেখবি আমি এলে
মুখে কি আর বলবো তোদের দেখবি দুচোখ মেলে
মুখের কথার দাম কি আছে? দেখবি কাজে-কামে
সর্গ সুখের ঘাড়টি ধরে আনবো ধরা ধামে”

এলেন রাজা হয়ে আর বছর গেল ঘুরে
আশায় আশায় আম জনতা কাঁদে করুন সুরে।

Saturday, November 16, 2019

ম্যানেজমেন্ট


তিনি বড় অফিসার!
তার সচিব রাখে তার হয়ে, তার সব ফাইলের ভার।
দায়িত্ব কি তার?
বুঝবে দেখে দপ্তরে তার ফাইলের পাহাড়
কি কও? পেন্ডিং কেন এত?
সই করা কি যে সে ব্যাপার! ভাবতে হয় না কত?
টুপাইস ছড়াও যদি?
ভাবনা না হয় কমবে তখন, ঘুরবে মতিগতি।
ছি ছি বিবেক-টিবেক নাই?
লক্ষী এলে বিবেক মশাইর প্রান করে যাই যাই।
বাসায় কিছু জানে?
শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ পিতা বলেই তাকে মানে।
জ্ঞাতি স্বজন তারাও?
পয়সা পেলে সবাই কাহিল, কেন কথা বাড়াও?
পড়শী? বুড়ো-বুড়ি?
চ্যারেটিতে এই এলাকায়, নেইতো তাহার জুড়ি ।
ধর্মালয়ে যান?
মসজিদে মন্দিরে তাহার সবচে বেশী দান।

বেশ, ম্যানেজ সকল দিক।
কারটা মারেন, কোথায় লাগে? তার কি আছে ঠিক?

তবে স্কুল কলেজ সবখানে কেন শিখাও নীতি কথা?
ম্যানেজ করাই আসল কথা, বাকী বাতুলতা।

Thursday, September 5, 2019

ভাইরাল


ভাইরাল কি যে সে জিনিস? সব কপালে মেলে?
সেই নেশাতেই আমরা সবাই যাই ডিউটি ভুলে।

কেমন হবে রোজই মেয়র রাস্তা ঝাটান যদি
রাস্তা সারার লোক যদি সব কাটেন গিয়ে নদী
পুলিশ যদি ডিউটি রেখে অনাথ খাওয়ান রোজ
ছাত্র করেন পড়া রেখে শুধুই ছবির খোঁজ?
আমলারা সব চেয়ার ছেড়ে ধর্মেতে দেন মন
ঘুষখোরেরা ঘুষ না ছেড়ে রোজই বিলান ধন?

চাকরী যা তার, যার তরে সে বেতন তোলেন মাসে
সে কাজ করেন অন্যজনে হাজার লাইকের আশে

উঠবে ছবি পোষ্ট হলেই দেখবে হাজার লোকে
এই বাঙ্গালী তাতেই খুশী ঘিলু তাদের চোখে।
অবলিগেশন, ডিউটি ভুলে চ্যারেটিতেই মাতো
এমনি করেই হুজুগেবাঙ্গাল মানুষ হলিনাতে!!

Tuesday, August 6, 2019

লেডিস এডিস



গায়ে কালো তার, ছোঁপ ছোঁপ দাগ রহিয়াছে সাদা রঙে
আছে ছোট-বড়, শুকনো বা মোটা, চলে তারা নানা ঢঙে
জন্মাইত তার লাগেনাকো মোটে, পুকুর কিংবা নালা
বোতলে বা টবে কিংবা মগেই পানি যদি থাকে ঢালা
বাগানে কিংবা বেলকুনিতে ও বাথরুমে পাকঘরে 
ফ্রিজের ট্রেতে, গেরেজে, অথবা পাশের গোয়াল ঘরে
কিছুটা অল্প পড়ে যদি থাকে স্বচ্ছ ‍ও নির্মল
প্রবলেম নাই; যাই তুমি বল; পানি বা সে হোক জল।
দিন দুই গেলে, সাবালক হলে, ঠিকঠাক সবে মিলে 
খালি ঠ্যাং আর হাতে বসে যাবে আস্ত মানুষ পেলে
গাল কান ঘাড় টার্গেট সব, শরীর পাইলে খোলা
ভুড়ি আর পিঠে বসাবে কামড়, হও যে মেয়ার পোলা!
চামে ও চিকনে দেয়া নেয়া হবে, রক্ত এবং রোগ
তাহার পরে বুঝিবে বাজান, কেমন তাহার ভোগ।
বাড়িছে তাহারা দিন যত যায়, মানুষের পাশাপাশি
তাহাদের পন কমাইতে হবে মানুষের ঠাসা ঠাসি।
মর্তে তাহারা বাঙ্গালীর চেয়ে, সাহসের সাথে চলে
এক চড়ে শেষ; তবু না পালিয়ে, বিজয়ের কথা বলে।
যত অনাচার হয়েছে, বাঙ্গালী সহিয়াছে ভয়ে ভয়ে
ছাল যা উঠুক সম্মানটুক থাকুক এ আশা লয়ে।
এসেছে তাহারা ঠুনকো শান্তি তুড়িতে উড়িয়ে দিতে
সবার প্রশ্ন কে এলো জ্বালাতে? তোষামুদে ধরনীতে?
তাহারা বলিল আমরা সে জাতি নাম আমাদের এডিস
নিরীহ ও আছে, হিংস্র তখনই; যখনই আমরা লেডিস।