Saturday, August 18, 2018

আত্মকথা



ইদানিং প্রায়ই ভুলে যাই।
অফিসের আলমারি খুলে ভুলে যাই কেন খুলেছি,
সোজা চলতে চলতে ভুলে যাই ডানে মোড় নেবার কথা ছিলো, নাকি বামে?
গান গাইতে গাইতে ভুলে যাই গানের কথা।
অনেক দিন আগে যে চেনা মুখ ছিল-
মনে করতে পারি না, আদৌ কি তাকে কখোনো দেখেছি?
নাম ভুলে যাই, পাসওয়ার্ড ভুলে যাই, 
কথা দিয়ে কথা রাখতে ভুলে যাই।
তাকিয়ে থাকি আর মনে করার চেষ্টা করি.
করতে করতে, কি চেষ্টা করছি তাও ভুলে যাই।
শুধু মনে থাকে, প্রিয় বন্ধু, প্রিয় পরিবার,
প্রিয় জীবন আর অচেনা মৃত্যু...

Monday, August 29, 2016

ভোটের অধিকার




আজ থেকে হোক কথা বন্ধ 
কুলুপ দিলাম মুখে ।
তোমার অপছন্দ হলেই
মুখটি করো ফিকে।

শাসাও আবার ভয়ও দোখাও
যেন মানুষ নই!
নিজের দেশেই পরবাসী
এ দুখ কারে কই?

জনগন আজ পরের ছেলে,
লাগেনা ভোট তার
প্রশাসন আর দলের ছেলে
তাদের ই দরকার?

বলব সেদিন গলাছেড়ে
এ দেশটা আমার।
কভু যদি ফের ফিরে পাই
ভোটের অধিকার।

Tuesday, April 5, 2016

একজন অসহায় পিতা এবং একটি অসহায় জাতি

আর একটু চিন্তা করুন.
নিহত ধর্ষিতা মেয়েটি আপনার মেয়ে।
আপনি এজলাসে দাড়িয়ে আপনার মেয়ের বিচার চাইছেন।
বিবাদী পক্ষ আরো খুটিয়ে খুটিয়ে জানতে চাইছে।
ধর্ষনের বিবরন, আপান মেয়ের চাল চলন...
আপনার মনের মধ্যে মেয়ের মুখটি ভেসে উঠছে
রক্তাক্ত, ক্ষত বিক্ষত....
আপনার নিহত মেয়েটি চরিত্র খারাপ ছিল,
তা প্রমানের চেষ্টা চলছে আপনার সামনেই।
আপনার মনের মধ্যে সেই ছোট বেলার মেয়েটির মুখ
সারা দিন পরে দেখলেই কোলে ঝাপিয়ে পড়তো
মা বলে ডাক দিলেই, সে তার ভুবন ভোলানো হাসিটি দিতো।
জড়িয়ে ধরত, কত খুনসুটি, কত আবদার....
সেই মেয়েটির জন্য আজ আপনি
শত বিশ্বাস-অবিশ্বাসের মধ্যে বিচার চাইছেন।
রাজনীতি চলছে, ব্যবসা চলছে, জুয়া চলছে
কবিদের কাব্যানুভুতি শাণিত হচ্ছে
অকর্মাদের রাস্তায় রাস্তায় আন্দোলন চলছে
আর আগুন জ্বলছে আপনার মনে।
তারপর একদিন হয়তো আরো একজনের প্রস্থানে
সবার মন থেকে হাড়িয়ে গেল
আপনার সেই আদরের মেয়েটি।
তারপরে এটা শুধু শুধু আপনার একাকীত্বের সঙ্গী,
আপনার জীবনের একটি অসহায়ত্বের কাহিনী।
একজন পিতার স্বাধীন রাস্ট্রে কি এটিই পাওনা ছিলো?

Sunday, March 27, 2016

প্রকৃত জীবন


নিরবে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে
যে স্বপ্নটা দিয়ে এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছে
পুরোনো দিনের সিনেমার মত 
তার রং ফিকে হয়ে আসছে দিনের পর দিন।
হয়তো একসময় 
একটি সাদা ক্যনভাস পড়ে থাকবে ধুলোর উপরে!
এমনটিই বাস্তবতা সবার জন্য।
কত ক্ষুদ্র মানুষ; অথচ তার স্বপ্ন?
এই পৃথিবী, ছায়পথ, তার চেয়েও বড় অসীম….
শেষ বিকেলের বোঝাপড়া, গোধূলীর আলোয় মনমড়া।
কিন্ত দৃশ্যমান এই নিস্ফল পথচলাই, জীবনের যাত্রাকে করেছে সচল
যেটুকু দেবার উজার করেই দেবার সময় এখন।
সবটা হয়ত কাজে লাগবে না।
কোনটা দরকারী আর অপ্রয়োজনীয় 
সেটা মানুষ নিজেকে বাদ দিয়ে কখোনোই চিন্তা করতে পারে না,
মানুষের এটাই সীমাবদ্ধতা।
আর এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টার নাম প্রকৃত জীবন।

ধর্ষক

এখন আর তোমরা মানুষের দলে পড়োনা
মানুষ হলেও, বুনো হায়নার মত দাত আছে তোমাদের
কি অসীম ক্ষমতা
যে কোন সময় যে কাউকেই
তুমি তোমার দাতদিয়ে ছিন্নভিন্ন করতে পার
মানুষের কাচা মাংশ
ছিন্নভিন্নকরে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারো এই ধরনীর বুকে।
চুম্বকের সমমেরুর মত
সাধারন মানুষ তোমাদের কাছ থেকে ছিটকে সরে যায়
গুটিয়ে যায়, হীনমন্যতায় ভোগে।
বিশ্বভ্রমান্ডের অসীম পরিচয়ের মধ্যে একটি পরিচয় মানুষ।
এই মানুষের মাঝেই তোমরা অসীম পরিচয়ের সৃষ্টি করেছ
তৈরি করেছ অসীম ব্যবধান।
দুরে যেতে যেতে এখন তোমরা এই ছায়াপথ থেকে অন্য ছায়পথে।
সব পুরস্কার তোমাদের, সকল সুবিধা তোমাদের,
সকল উৎকর্ষ তোমাদের, সকল আভিজাত্যও তোমাদের।
আর বাকী মানুষ? ছিটেফোটা বাকী থাকলে সেটুকু তাদের।
তাতেও দারুন বিপত্তি, বিসৃঙ্খলায় দারুন বিরক্তি তোমাদের।
ক্ষুধার সময় কি প্রানীকুল সৃঙ্খলায় আবদ্ধ থাকে?
অসীম আরাম আয়েশে,
প্রানীকুলের সাধারন কিছু নিয়ম কানুনও-
তোমরা তোমাদের নিয়মে চালাতে চাও।
ধরনীর মাটি এবং তোমাদের পায়ের মাঝখানে যে বুটের তলার ব্যবধান
সেই ব্যাবধান
ক্রমশই অসীম হয়েছে তোমাদের হাতের অস্ত্রর আর ক্ষমতার দাপটে।
আজ তাই তোমাদের জন্মদাত্রীকেও তোমরা ছিন্নভিন্ন কর
তোমরা অবয়বে মানুষ, হয়ত আমাদেরই ভাই
তারপরেও প্রার্থনা করি তোমরা যেন মানুষ হতে পারো।
প্রার্থনা করা ছাড়া আমাদের আর কি’বা করার আছে।

Friday, September 11, 2015

মুক্তিযুদ্ধ আর চেতনার ব্যাপারী

এক পরিবার, যে যার মত সব দলেতেই আছে
ডান-বাম বা এদিক ওদিক সবাই আছে কাছে।
যে দল আসুক, নো প্রবলেম, ব্যবসা রবে খাড়া
কোন চেতনা ? সে যাই হোক; কিসের এত তাড়া?
ভোটের সময় ডুব দেয় সে, দল কি বড় ভাইয়ের চেয়ে?
মৌসুম এলেই দুধের মাছি, চেতনায় সে ওঠে নেয়ে
হেন চেতনা, তেন চেতনা, বাকী সবই দুর
মাসী হলেও, গলায় তাহার মায়ের শাসন সুর।

মুক্তিযুদ্ধ কালীন সময়, তরতাজা সে যুবক তরুন
প্রাণটি তাহার অনেক দামী, কেমনে হারান এ প্রাণ বলুন?
তাই সে দূরে যুদ্ধ থেকেও, দুই নৌকায় পাও
যখন যেমন তখন তেমন, মহাজনের নাও।
বিকেল গেলেই পিয়াজ দিয়ে হয় শুরু তার সাঁঝ
বাকী কথা যায় না বলা, নাই বা বলি আজ
এই সুরতেও, যায় যে হওয়া নামকরা প্লেবয়
না দেখলে, হয়কি মালুম? দুর্জনেরা কয়।

চেয়ার তাহার খুবই প্রিয়,পা ধরতেও এরই তরে
ছোট-বড়, সুশীল-কুশীন, সবার কাছেই ধর্না ধরে।
চেয়ার পেলেই রূপটি তাহার বদলে যে যায় আগের মত
সুশীল সমাজ, সংস্কৃতির, রক্ত চোষেন পারেন যত।
শিল্পী ছেটে কর্মী বানান, শিল্প পালায় ডরে
শিল্প, থাকুক নাইবা থাকুক, চেয়ার যেন ভরে।
নিজেই নিজের শিল্পামোদী, নিজেই সমালোচক
বিলোস্টান্ডর্ড! কোন শালা কয়?  চেতনা বিরোধী লোক।

শিল্প কিংবা শিল্পীর চেয়ে কর্মী তাহার লাগে বেশী
মাথা গুনে হয় ডোনেশন, পরে খাটবে এদের পেশী।
অনেক দোকান একই মানুষ, খেক-শেয়ালের মত
এক ছানা’ই উঠান নামান, পপুলেশন শত।

হাইলি এডুকেটেড তিনি, পায়না নাগাল সার্টিফিকেট
যায় না বলা কখন কোথায় পান যে তিনি ভোটের টিকেট।
শিল্প সংস্কৃতির মাঝে শৈল্পিক এক ব্যবসায়ী সে
মুক্তিযুদ্ধ আর চেতনা পুজি করেই আছেন সে যে।
বললে যে যায় অনেক বলা আজকে নাহয় এটুক থাক
ছাই দিয়ে তায় ধরলে সবাই, থাকবেনা রাখঢাক।।

শেষ কথা তাই বলি, সবাই মনটি দিয়ে শোন
দুরে থাকো ভাল রবে সন্দেহ নেই কোন। 
কেউ যদি তায় ভরসা করে, ভুগবে সে জন ভুগবে
দিগন্তে শুকতারার মত, একলা রোগে ধুঁকবে।

তারিখঃ 31.08.2015

Friday, July 24, 2015

একটি প্রশ্ন

অসভ্যতার চৌকাঠ পেড়িয়েছি অনেক আগেই।
অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর সংস্থান হয়েছে প্রায় সবার
আমরা এখন বিভিন্ন স্তরের ভদ্রলোক ও ভদ্রমহিলা।
বুটের চকচকে ভাব আরো কিভাবে বাড়ানো যায় আমরা এখন তার চিন্তা করি
কিংবা একটু পরিপাটি সুট অথবা আরো মসৃন বা আকর্শনীয় ত্বক।
সৃষ্টি হয়েছে শিল্প, সংস্কৃতি
আমরা আরো এগিয়েছি, সৃষ্টি হচ্ছে বিমূর্ত শিল্প।
আমরা ভালোবাসার অনেক উপমা তৈরি করেছি
কষ্টের রং খুঁজে বের করেছি
ফাল্গুনী বাতাসকে রুপান্তর ঘটিয়েছি গানে
জীবন প্রষ্ফুটিত করেছি উপন্যাসে, গল্পে, নাটকে
আমরা জীবন সৃষ্টি করে চলেছি
সৃষ্টি করছি আনন্দ, দুঃখ, অভিমান, অনুরাগ
চলছে জীবনের মানে বের করার অসীম প্রচেষ্টা।
নিজেদের আমরা এখন শ্রেষ্ঠ জীব হিসেবে দাবী করতে পারি।
কিন্ত শ্রেষ্ঠত্বের মানে কি?    
জ্ঞান, বুদ্ধি, শক্তি দিয়ে অন্যদের টা ছিনিয়ে আনা?
নাকি অন্য কিছু?